বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর নির্দেশ: জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ১৩, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার ও দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের পাশাপাশি সকল সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় পূজামণ্ডপগুলোতে এই সহযোগিতা নিশ্চিত করতে বলা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন, এমপি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, “সাম্প্রতিক সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—প্রত্যেক এলাকায় সনাতন ধর্মাবলম্বী মানুষের এই বৃহৎ উৎসব যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন এই দুর্গোৎসব। এর আনন্দ শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অন্য সম্প্রদায়ের মানুষও এতে সম্পৃক্ত হন। জনসংখ্যা ও ঐতিহ্যের দিক থেকে এটি পুরো বাংলাদেশের জন্যই একটি উৎসবের দিন।”

সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার গঠনের পর প্রথমবারের মতো এই পূজা-পার্বণের সার্বিক বিষয় দেখভালের দায়িত্ব আমরা গ্রহণ করেছি। পূজনীয় ভক্তবৃন্দ যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এই ধর্মীয় উৎসব নিয়ে আলোচনা করতে গিয়েছেন, প্রধানমন্ত্রী সবসময় তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।”

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।

এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সভায় গৌরনদী উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।