ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। সোমবার (১২ অক্টোবর) তিনি বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর কাছ থেকে অধিদপ্তরের দায়িত্বভার গ্রহণ করেন।
দীর্ঘ দুই বছর ১০ দিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে বিদায়ী মহাপরিচালককে সঙ্গে নিয়ে একটি গাছের চারা রোপণ করেন নবনিযুক্ত ডিজি। এরপর সকাল ১১টায় অধিদপ্তরের মিলনায়তনে ‘মহাপরিচালকের বিদায়ী দরবার’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই মহাপরিচালকসহ অধিদপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি সারাদেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায় থেকে কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
দুপুর ১২টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে বিদায়ী ডিজি তাঁর দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা ও স্মৃতিকথা তুলে ধরেন। তিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে দপ্তর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন বিদায়ী প্রধান।
বিকেল ৪টায় অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনগণের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিজি হিসেবে প্রাক্কলন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
