পারস্পরিক প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। একই সঙ্গে দুর্নীতি ও সন্ত্রাস বন্ধে জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।
রবিবার রাতে রাজধানীর সূত্রাপুরের একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আল্লামা সৈয়দ ইসহাক (রহ.) জোনের ৪৩ নম্বর ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, “জনগণ এখন অধিকার সচেতন এবং প্রতিবাদ করতে জানে। জুলাই সনদের ইতিবাচক দিকগুলো বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করতে হবে। সংসদকে দুর্নীতিগ্রস্ত এমপি-মন্ত্রীদের প্রভাবমুক্ত রাখতে উচ্চকক্ষে পিআর পদ্ধতির আলোকে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা নেওয়া জরুরি।”
সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতউল্লা বুলু সনাতনীদের এক অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন— মুসলমানের ভোটে নয়, সনাতনীদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন— তা দায়িত্বজ্ঞানহীন। এই বক্তব্যের জন্য তাঁকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।” ভারততোষণ ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর তোষণনীতি ত্যাগ না করলে জনগণ দেশের রাজনীতি থেকে ভারতপ্রেমীদের প্রত্যাখ্যান করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে দেশের জনগণ ও ইসলামের পক্ষে কাজ করতে হবে। নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে জনগণের দুঃখ-কষ্ট লাঘবে নজর দেওয়াই রাজনৈতিক দলগুলোর মূল দায়িত্ব হওয়া উচিত।”
ওয়ার্ড শাখা সভাপতি আলহাজ মো. আলমগীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক টিএম মাহফুজ হোসাইন, সহকারী জোন জিম্মাদার আলহাজ মো. মিজানুর রহমান মিলন ও মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
