বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিডিও ভাইরাল: বিআইডব্লিউটিএ’র পরিচালক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জুন ২৩, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ ওঠায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) জনাব একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন), বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তার কর্মকাণ্ডে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০’-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের দায়ে বিধি ৪১ (১) অনুযায়ী তাকে এই আদেশ দেওয়া হয়।

সাময়িক বরখাস্তকালীন নির্দেশনা অনুযায়ী

একেএম আরিফ উদ্দিন বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

তাকে বরখাস্তকালীন সময়ে কর্তৃপক্ষের প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে।

হাজিরা প্রদানের শর্তে খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

আদেশটিতে আরও জানানো হয়, বিআইডব্লিউটিএ-এর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলাম এখন থেকে তার নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (বন্দর ও পরিবহন) বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।