সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলকে রুখে নকআউটের স্বপ্ন দেখছে মরক্কো

স্পোর্টস ডেস্ক
জুন ১৫, ২০২৬ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী ব্রাজিলকে আটকে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধু একটি ম্যাচ নয়, পুরো গ্রুপ পর্বজুড়েই ধারাবাহিকতা রাখতে হবে দলকে। তাদের লক্ষ্য নকআউট।

আজ অনুষ্ঠিত ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিপক্ষে গোছালো ও আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মরক্কো। ম্যাচজুড়ে উত্তর আফ্রিকার দলটি শুধু সমানতালে লড়াই করেনি, বরং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চাপে ফেলতেও সক্ষম হয়েছে। ম্যাচ শেষে বিইন স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এটা (ম্যাচ) সহজ ছিল না। আমরা একটি শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলেছি, যারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ম্যাচটি ড্র হয়েছে, তবে আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি।’

ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া ফলকে ইতিবাচক হিসেবে দেখলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন পিএসজি তারকা। সামনে আরো উন্নতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচে আমাদের উন্নতি করতে হবে। আমরা এখন পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দেব। আমরা ভালো খেলেছি, এই ধারা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।’

দলের ইতিবাচক দিকগুলো ধরে রাখার পাশাপাশি ভুলগুলো থেকেও শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মরক্কো অধিনায়ক বলেন, ‘নেতিবাচক বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তবে ইতিবাচক দিকগুলোও ধরে রাখতে হবে। এখনো আমাদের সামনে দুটি ম্যাচ বাকি আছে আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন মরক্কোর মিডফিল্ডার সামির এল মোরাবেতও। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার অনুভূতিকে শৈশবের স্বপ্নপূরণ বলে উল্লেখ করেন তিনি। এল মোরাবেত বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর ধীরে অদ্ভুত অনুভূতি হচ্ছে। ব্রাজিলের বিপক্ষে এটি ভালো ফল। এখন আমরা পরবর্তী ম্যাচ নিয়েই ভাবছি। আমরা জানি, আরো গোল করতে পারতাম। কিন্তু এটি অনেক ম্যাচের মধ্যে একটি। সামনে গোল করার আরো সুযোগ আসবে।’