রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়া সন্দেহে স্বামী-সন্তান ফেলে উধাও স্ত্রী, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় পরকীয়া সম্পর্ক ও সংসার ছাড়ার অভিযোগে সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ দায়ের করেছেন বিকাশ চন্দ্র সরকার (৩৪) নামের এক ব্যক্তি। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর এই অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর পূর্বে হিন্দু শাস্ত্র মোতাবেক বিকাশ চন্দ্র সরকারের সাথে বনলতা রানী (২৭)-এর বিবাহ হয়। তাদের সংসারে বিজয় চন্দ্র সরকার (০৮) নামে এক পুত্র এবং অত্রিতা সরকার (০৪) নামে এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রী বনলতা রানী বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ ও উশৃঙ্খল জীবনযাপন করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও জানা যায়, স্ত্রী বনলতা রানী মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন এবং তার অজান্তে বিভিন্ন নম্বরে কথা বলতেন। বাধা দেওয়ায় প্রায় ৩ মাস পূর্বে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান এবং পরবর্তীতে তাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন স্বামী বিকাশ চন্দ্র সরকার।

গত ২০ জুন ২০২৬ তারিখে বিকেল আনুমানিক ৪ ঘটিকায় স্ত্রীর ব্যবহৃত নম্বরে ফোন করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন বলে অভিযোগে প্রকাশ। এছাড়া মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

পরিবারের লোকজনের সাথে আলোচনা ও আপস মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় পরবর্তীতে থানায় এসে এই অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার আইনগত সহায়তা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।